দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়লে সাত মাস বয়সী এক শিশু ও এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় বরসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার মধ্যরাতে উপজেলার পুটিমারী ইউনিয়নের সালটিবাড়ী ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের সাত মাস বয়সী ছেলে জীবন ইসলাম এবং একই এলাকার মোজা মিয়ার ছেলে এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরসালিনের সঙ্গে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীবাহী মাইক্রোবাসটি কচুকাটায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সালটিবাড়ী ঈদগাহ মাঠের ইটের দেয়ালে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা যাত্রীরা আহত হন।
গুরুতর আহত বর মোরসালিনসহ অন্য আহতদের প্রথমে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব জানান, রাতে গুরুতর আহত অবস্থায় ১৪ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এমএম/